নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার মোথাবাড়ি কেন্দ্রে কংগ্রেসের তরুণ প্রার্থী সায়েম চৌধুরী, যিনি ‘বাবু’ নামেই বেশি পরিচিত, লাগাতার প্রচার চালিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নিজের উপস্থিতি জোরালো করেছেন। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তিনি নিজেকে এক কর্মঠ ও সাধারণ মানুষের কাছের প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
বর্তমানে মালদা জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে থাকা সায়েম এবার বৃহত্তর রাজনৈতিক ময়দানে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে মরিয়া। সেই লক্ষ্যেই দিন-রাত এক করে তিনি চষে বেড়াচ্ছেন মোথাবাড়ির বিভিন্ন প্রান্ত। কখনও গাড়িতে, কখনও পায়ে হেঁটে, আবার কখনও হুডখোলা গাড়িতে করে গ্রাম থেকে গ্রামে, অলিগলি থেকে জনপদে পৌঁছে যাচ্ছেন তিনি।
শনিবার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক র্যালির মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করেন সায়েম। পাশাপাশি মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন।
প্রচারের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে নিয়মিত কর্মীসভা করছেন তিনি। দিনভর ব্যস্ততার পর সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে চা-আড্ডায় বসে সহজভাবে মিশে যাচ্ছেন, তুলে ধরছেন নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি।
সায়েম চৌধুরীর বক্তব্য, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্নীতি ও শাসক দলের চাপে অতিষ্ঠ। তাঁর দাবি, এই নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে কংগ্রেসকেই দেখতে চাইছেন অনেকে।

Recent Comments