জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দালালচক্রের অভিযোগ সামনে আসতেই সরব হলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখার্জি। সোমবার হাসপাতালের পরিষেবা ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি হাসপাতাল ও ওপিডি বিভাগ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় বিধায়ক বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসা পরিষেবা, রোগী রেফার সংক্রান্ত সমস্যা এবং হাসপাতাল চত্বরে দালালদের আনাগোনা নিয়ে একাধিক অভিযোগ তাঁর সামনে উঠে আসে। অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।চিত্ত মুখার্জি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ যাতে স্বচ্ছ ও সঠিক চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
দীর্ঘদিন ধরে হাসপাতালের ভিতরে সক্রিয় দালালচক্রের কারণে সাধারণ রোগী ও তাঁদের পরিবারের ভোগান্তি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।বিধায়কের দাবি, হাসপাতালের পরিষেবাকে স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিদর্শনের সময় হাসপাতালের একটি বন্ধ গেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে কড়া সুরে তিনি জানান, সোমবারের মধ্যে গেট না খোলা হলে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের আশা, প্রশাসনের এই সক্রিয়তায় হাসপাতালের পরিষেবায় স্বচ্ছতা ফিরবে এবং দালালচক্রের দৌরাত্ম্য কমবে।

Recent Comments