দীর্ঘদিন ধরে চলা বেআইনি টোল আদায় বন্ধ করতে হুগলির কোন্নগরে কড়া পদক্ষেপ করল প্রশাসন। কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসের সামনে থাকা একটি টোল আদায়ের অফিস বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০০৮ সালে এই আন্ডারপাসে টোল আদায়ের জন্য লিজ দেওয়া হয়েছিল, কিন্তু পরে সেই অনুমোদনের আর নবীকরণ করা হয়নি। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে সেখানে টোল গেট বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। সম্প্রতি রাজ্য সরকারের তরফে অনুমোদনহীন সমস্ত টোল আদায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই পুলিশকে টোল আদায় বন্ধ করার কথা বলা হয় এবং এই অভিযান চালানো হয়।
বুলডোজার দিয়ে অফিস ভাঙার সময় ঘটনাস্থলে কড়া নিরাপত্তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি জানান, পুরসভায় খোঁজ নিয়ে এই টোল আদায়ের কোনও বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র পাওয়া যায়নি।
এলাকায় কোনওরকম বেআইনি নির্মাণ বা অবৈধ কাজ বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তবে বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন, শুধু টোল অফিস নয়, এলাকার অন্যান্য বেআইনি বহুতল বা অবৈধ নির্মাণের বিরুদ্ধে কবে প্রশাসন এমন কড়া পদক্ষেপ গ্রহণ করবে।


Recent Comments