রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে গতি পেয়েছে বহুচর্চিত আর জি কর-সংক্রান্ত তদন্ত। সেই তদন্তে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নাম ফের আলোচনায় আসতেই বেশ কিছুদিন জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। বিভিন্ন মামলায় অভিযোগ এবং পুলিশের নজরদারির আবহে তিনি কার্যত আড়ালেই ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার কলকাতার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের একটি সাংগঠনিক বৈঠকে হঠাৎই উপস্থিত হন নির্মল ঘোষ। তাঁর এই উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। অনেকের ধারণা, তিনি হয়তো ওই শিবিরে যোগ দিতে চলেছেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল ঘোষ স্পষ্ট জানান, তিনি যোগ দিতে যাননি, শুধুমাত্র দেখা করতেই সেখানে এসেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজ্য কমিটি গঠন এবং সংগঠন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় তপসিয়ার একটি ক্লাবে কার্যকরী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন-সহ আরও কয়েকজন পরিচিত মুখ। নির্মল ঘোষের উপস্থিতি স্বাভাবিকভাবেই সবার নজর কাড়ে।
নির্মল ঘোষের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে লটারিতে জেতা বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাঁর নাম উঠে আসে। ওই মামলায় তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালীন দু’জনকেই দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
এমন পরিস্থিতিতে ঋতব্রত শিবিরের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। যদিও তিনি কোনও রাজনৈতিক যোগদানের কথা অস্বীকার করেছেন, তবু তাঁর এই পদক্ষেপের তাৎপর্য নিয়ে জল্পনা অব্যাহত। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক শিবির ভবিষ্যতে নির্বাচন কমিশনের স্বীকৃতি পাবে কি না, সেই প্রশ্নও এখন রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।


Recent Comments