মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ শুরুর পর থেকেই দুই কেন্দ্রের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষিপ্ত অভিযোগ এবং রাজনৈতিক চাপানউতোরের ছবি সামনে এসেছে। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রামে ২১ শতাংশ এবং রেজিনগরে ১৮ শতাংশ ভোট পড়েছে।
ভোট শুরুর পর নন্দীগ্রামের কয়েকটি বুথে ইভিএম নিয়ে সমস্যার অভিযোগ ওঠে। কেন্দ্রামারী অঞ্চলের ২২৪ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া যায়। একই এলাকার আরও একটি বুথ থেকেও এমন অভিযোগ এসেছে। পাশাপাশি সরবেড়িয়া এলাকার ২১২ নম্বর বুথে সিপিআই প্রার্থীর ইলেকশন এজেন্ট শেখ সাদ্দাম হোসেন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজিনগরেও সকাল থেকেই উত্তেজনা ছিল। নির্বাচনী বিধি ভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে ও ভোট চলাকালীন পুলিশের ভূমিকা নিয়েও বিরোধী দলগুলির তরফে একাধিক অভিযোগ সামনে এসেছে।
এদিকে নন্দীগ্রামে অশান্তি সৃষ্টির অভিযোগে নন্দীগ্রাম-১ ব্লক কংগ্রেস সভাপতি শেখ আসাফুলতুল্লাকেও আটক করা হয়েছে। অন্যদিকে রেজিনগরের কয়েকটি বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম ও কংগ্রেস। সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।
দুই কেন্দ্রেই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। নন্দীগ্রামে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়।
নন্দীগ্রামে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। রেজিনগরে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৫৬৪। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। সকাল ৯টার ভোটের হার প্রকাশের পর এখন নজর বিকেলের ভোটদানের হার এবং দুই কেন্দ্রের পরিস্থিতির দিকে।
পশ্চিমবঙ্গের এই দুই বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দেশের আরও কয়েকটি বিধানসভা ও লোকসভা কেন্দ্রেও মঙ্গলবার উপনির্বাচন চলছে।


Recent Comments