নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে ছিল ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনুমোদন দিয়েছে এবং আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।
মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি এই নতুন প্রকল্পের আওতায় চলে আসবেন। অর্থাৎ নতুন করে আলাদা করে নাম নথিভুক্ত করার প্রয়োজন হবে না। পাশাপাশি ট্রাইবুনালে আবেদনকারী মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে যাঁদের নাম লক্ষ্মীর ভান্ডার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ক্ষেত্রে ভোটার তালিকার মাধ্যমে পুনরায় যাচাই করা হবে বলে সরকার জানিয়েছে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই গ্রহণ করা হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরে অগ্নিমিত্রা পাল বলেন, “রাজ্যের মহিলা ও শিশুদের আর্থিক উন্নয়নের লক্ষ্যেই মাসে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার চালু করা হচ্ছে। আমরা কথা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিই আজ বাস্তবায়িত হল।”
এছাড়াও রাজ্যের মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক স্বস্তি অনেকটাই বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Recent Comments