আইএসএল (ISL)-এর আগামী ৬ মার্চ মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচে শেষ পর্যন্ত মাঠে প্রবেশের অনুমতি পেলেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের প্রবল প্রতিবাদ এবং ক্লাবকর্তাদের লাগাতার চাপের মুখে পড়ে শেষমেশ নিজেদের ‘রুদ্ধদ্বার’ ম্যাচের কড়া সিদ্ধান্ত থেকে পিছু হটল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।
কী ঘটেছিল আগে?
ঘটনার সূত্রপাত গত ২৩ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)-এর বিরুদ্ধে মোহনবাগান (Mohun Bagan)-এর ম্যাচ ঘিরে। সেই ম্যাচে গ্যালারিতে দর্শকদের একাংশের ‘নিয়মবিরুদ্ধ আচরণ’-এর অভিযোগ তুলেছিল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। এর শাস্তিস্বরূপ আগামী ৬ মার্চ ওড়িশা এফসি (Odisha FC)-র বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচটি দর্শকশূন্য বা ‘রুদ্ধদ্বার’ অবস্থায় আয়োজন করার ফতোয়া জারি করা হয়।
কিন্তু এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে রাজি ছিলেন না মোহনবাগানকর্তৃপক্ষ। ক্লাবের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, আর্থিক জরিমানা দিতে তারা প্রস্তুত, কিন্তু গ্যালারি ফাঁকা রেখে, অর্থাৎ সমর্থকদের বাদ দিয়ে ম্যাচ আয়োজন তারা কোনোভাবেই মেনে নেবে না। এই মর্মে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে সরকারিভাবে আবেদনও জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। কিন্তু প্রাথমিকভাবে ‘নিয়ম মেনে আবেদন করা হয়নি’ এই খোঁড়া যুক্তি দেখিয়ে সেই আবেদন খারিজ করে দেয় ফেডারেশন ।
ক্লাবকর্তাদের কড়া হুঁশিয়ারি এবং সৃঞ্জয় বোসের তোপ
ফেডারেশন আবেদন খারিজ করে দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন ক্লাব কর্তারা। বিশেষ করে মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose) ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)-কে সরাসরি নিশানা করেন। তিনি কড়া ভাষায় জানিয়ে দেন যে, এই সিদ্ধান্ত বহাল থাকলে ওড়িশার (Odisha) বিরুদ্ধে তিনি মাঠে খেলা দেখতে যাবেন না।
সৃঞ্জয় বোস অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, “যিনি ফেডারেশন চালাচ্ছেন, তিনি দেশের ফুটবলটা তুলে দিয়েছেন। এখন দর্শকদেরও মাঠ থেকে উঠিয়ে দিতে চাইছেন। এমনিতেই এখন ফুটবল ম্যাচে খুব একটা দর্শক মাঠে আসে না। সেখানে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে! প্রতিটি মোহনবাগান সমর্থকের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠা এবং কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো।”
অবশেষে সুর নরম ফেডারেশনের
ক্লাবের এই রণংদেহী মূর্তি এবং কড়া অবস্থানের পরেই কার্যত ঢোঁক গিলতে বাধ্য হয় ফেডারেশন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ৬ মার্চের ম্যাচে পুরো স্টেডিয়াম না হলেও, আংশিকভাবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি। ঠিক কত শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা চলছে।
ইতিমধ্যেই মোহনবাগান -এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সমর্থকদের এই সুখবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, “আমরা এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কমিটির সংশোধিত সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, যেখানে আসন্ন হোম ম্যাচে পুরো স্টেডিয়াম বন্ধ রাখার পরিবর্তে আংশিক খোলার অনুমতি দেওয়া হয়েছে।”
সব মিলিয়ে, ফুটবলের উন্মাদনা যে গ্যালারির দর্শকদের ছাড়া অসম্পূর্ণ, তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা। সবুজ-মেরুন সমর্থকরা এখন ৬ তারিখের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
