নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে ভবানীপুর। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে এই কেন্দ্রকে ঘিরে। আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গেছে, সেদিন কালীঘাটের নিজের বাড়ি থেকে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। এই মিছিলে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা যেমন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম এবং দেবাশীষ কুমার উপস্থিত থাকতে পারেন। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে সেদিন ভবানীপুরে জনজোয়ার আনার লক্ষ্য নিয়েছে ঘাসফুল শিবির।
তৃণমূলের পরিকল্পনা, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নামা। বিভিন্ন ওয়ার্ডে ছোট-বড় সভা ও মিছিলের আয়োজন করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের ৭৩ নম্বর ওয়ার্ডে। ১৪ এপ্রিল, বি আর আম্বেদকারের জন্মদিনে সেখানে বড় সভার আয়োজন করা হবে।
এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এখানে মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পুরনো লড়াইয়ের স্মৃতি উস্কে দিয়ে এই দ্বৈরথ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। অন্যদিকে, বামেদের তরফে সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীজীব বিশ্বাস।
যদিও শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আনুষ্ঠানিকভাবে নিজের কেন্দ্রে প্রচার শুরু করেননি। তবে দলীয় মহলের দাবি, মনোনয়নের পর থেকেই পুরো দমে মাঠে নামবে তৃণমূল।
রাজ্যে এবারের ভোট দুই দফায় অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল, যেদিন ভবানীপুরে ভোটগ্রহণ হবে। সব মিলিয়ে, মনোনয়নের দিন থেকেই ভবানীপুরে নির্বাচনী লড়াই নতুন গতি পেতে চলেছে বলে মনে করছে সাধারণ শ্রেণী থেকে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, কার দখলে যাবে এই গুরুত্বপূর্ণ কেন্দ্র, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Recent Comments