নিজস্ব সংবাদদাতা: গরমের অস্বস্তির মাঝেই রাজ্যে ফের সক্রিয় হতে চলেছে প্রাক-বর্ষার আবহাওয়া। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলের পাঁচ জেলায় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বাড়বে। এর মধ্যে ২১ থেকে ২৩ মে পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুধু বৃষ্টিই নয়, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যত্র হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানা গিয়েছে।
পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সময়ে পাহাড়ি রাস্তায় যাতায়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে।
তবে দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Recent Comments