অবশেষে রাজ্যে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরেই দ্রুত নামছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারের তুলনায় এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বাড়বে। ওইসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে। তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সারাদিন রোদ ঝলমলে ও শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। বুধবার শহরে বৃষ্টির দেখা মেলেনি। বৃহস্পতিবারও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। একই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। রাজ্যের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ক্রমশ নামছে তাপমাত্রা। পাহাড়ি এলাকা-সহ বিভিন্ন জেলায় ঠান্ডার প্রভাব বাড়ছে। পাশাপাশি কুয়াশার দাপটও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। ফলে সকালের দিকে রাস্তায় যান চলাচলে সতর্কতা প্রয়োজন।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ অসমের দিকে সরে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ার পর উত্তুরে হাওয়ার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
সব মিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেই শীতের আগমন বেশ ভালোভাবেই টের পাচ্ছেন রাজ্যবাসী। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা থাকায় ডিসেম্বরের শুরুতে বাংলায় শীতের আমেজ আরও বাড়তে পারে।


Recent Comments