back to top
Thursday, November 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশেখ হাসিনার নিজের দেশে ফেরার অধিকারকে সমর্থন তসলিমার

শেখ হাসিনার নিজের দেশে ফেরার অধিকারকে সমর্থন তসলিমার

“শেখ হাসিনার নিজের দেশে ফেরার অধিকার আছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার, স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষসমর্থনের, নিজের পছন্দের আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার আছে।” মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে এ কথা দাবি করলেন নির্বাসিত লেখিকা
তসলিমা নাসরিন।

তসলিমা লিখেছেন, “অভিযোগ যত গুরুতরই হোক, ন্যায়বিচার পাওয়ার অধিকার কারও কেড়ে নেওয়া যায় না।

নিজের দেশে ফেরার অধিকার কোনও সরকারের দয়া বা অনুগ্রহ নয়। কাউকে নির্বিচারে এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। বিচার হতে হবে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিলের সুযোগ থাকতে হবে।”

এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে। এই মন্তব্য করে তসলিমা লিখেছেন, “একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।

শেখ হাসিনার রাজনীতির সমালোচনা করেও তাঁর দেশে ফেরার অধিকার স্বীকার করা যায়। তাঁর শাসনামলের অন্যায়ের বিচার চেয়েও তাঁর প্রতি অন্যায়ের বিরোধিতা করা যায়। মানবাধিকার শুধু আমার পছন্দের মানুষের জন্য হলে সেটি আর মানবাধিকার থাকে না। দেশ কোনও দলের সম্পত্তি নয়, কোনও শাসকেরও নয়।

দেশে ফিরে রাজনীতি করার, নিজের দলকে সংগঠিত করার অধিকারও তাঁর থাকা উচিত। দলের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করার এবং আদালতে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ থাকতে হবে। রাজনৈতিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তার আইনসংগত ও যুক্তিসংগত ভিত্তি থাকতে হবে। নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও অযোগ্যতার শর্ত আছে; সেই শর্ত সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে তাঁরও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকবে। তাঁর দল আইনসংগতভাবে নির্বাচনে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে, সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠনের সুযোগ পাবে। সরকারপ্রধান হওয়ার ক্ষেত্রেও তাঁকে প্রযোজ্য সাংবিধানিক শর্ত পূরণ করতে হবে।”

আরো পড়ুন:  ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কোন বিমানে ফিরবেন জানালেন নিজের পছন্দ

তসলিমার মতে, “তবে যে দলই ক্ষমতায় আসুক, আমার দাবি একই থাকবে। আমি চাই তারা জিহাদি জঙ্গিবাদ নির্মূল করুক। জঙ্গিদের সংগঠন, প্রশিক্ষণ, অর্থের জোগান ও রাজনৈতিক আশ্রয় বন্ধ করুক। ধর্মের নামে সহিংসতার উসকানি ও অপরাধের বিচার করুক। জঙ্গি তৈরি হওয়ার পথগুলো বন্ধ করুক।

আমি চাই ওয়াজ বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হোক। মাদ্রাসার জায়গায় আধুনিক, বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠুক। প্রতিটি শিশু বিজ্ঞান শিখুক, ইতিহাস শিখুক, প্রশ্ন করতে শিখুক, যুক্তি দিয়ে ভাবতে শিখুক। নারীকে সমান মানুষ হিসেবে দেখতে শিখুক। ভিন্ন ধর্মের, ভিন্ন মতের এবং ধর্মে বিশ্বাস না করা মানুষের সমান অধিকার স্বীকার করতে শিখুক।

সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ, নিষ্ঠুরতা, ধর্ষণ, খুন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর হোক। অপরাধীর ধর্মীয় পরিচয়, অর্থ, ক্ষমতা বা রাজনৈতিক সম্পর্ক যেন তাকে রক্ষা না করে। নারী স্বাধীনভাবে বাঁচুক, সংখ্যালঘুরা নিরাপদে থাকুক, মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করুক। কোনও দল, কোনও ধর্মীয় গোষ্ঠী যেন ঠিক করে দিতে না পারে কে কী বলবে, কী লিখবে, কী পরবে, কাকে ভালোবাসবে।

মানুষ যেন সত্যিকার অর্থে শিক্ষিত ও মানবিক হয়। উন্নতির হিসাব করতে গিয়ে মানুষের নৈতিকতার হিসাবটিও নিতে হবে। অন্যের অধিকারকে সম্মান করতে শেখা, নিজের দলের অন্যায়কেও অন্যায় বলতে শেখা, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে শেখা—এসবও একটি দেশের এগিয়ে যাওয়ার মাপকাঠি।

সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হোক। ধনী ও দরিদ্রের ব্যবধান কমুক। দরিদ্র পরিবারের শিশুটিও যেন ভালো শিক্ষা পায়, অসুস্থ মানুষটি যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। দেশের সম্পদ ও সুযোগে প্রতিটি মানুষের ন্যায্য অংশ থাকুক। রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদা গুরুত্ব পাক।”

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments