নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই বড় নীতিগত সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সমস্ত সরকারি সহায়তা ও ভাতা প্রকল্প ধাপে ধাপে বন্ধ করা হবে। আগামী জুন মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে জানা গেছে।
সরকারি সূত্রে খবর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে পরিচালিত বিভিন্ন ধর্মভিত্তিক প্রকল্প এই সিদ্ধান্তের আওতায় পড়ছে। এর ফলে পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের মাসিক ভাতাও আর চালু থাকবে না।
নতুন সরকারের দাবি, ধর্মের ভিত্তিতে আর্থিক সুবিধা প্রদান করলে প্রশাসনিক সমতা নষ্ট হয় এবং তা সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, “ভাতা নয়, কর্মসংস্থান ও উন্নয়ন”-এর নীতিকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে মন্ত্রিসভা সূত্রে খবর। সরকারের বক্তব্য, ভবিষ্যতে ধর্ম নয়, আর্থ-সামাজিক অবস্থার ভিত্তিতে জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।

Recent Comments