নির্বাচনের ফল ঘোষণার পর বিতর্কিত মন্তব্য ও বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল অবশেষে পুলিশের জালে। দীর্ঘ কয়েকদিন ফেরার থাকার পর ওড়িশার পুরী থেকে তাঁকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)।
ঘটনার সূত্রপাত চলতি মাসের ১৪ তারিখ। নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পৈলানে বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। পুলিশের বিশাল বহর দেখেই বিধায়ক এলাকা ছেড়ে গা ঢাকা দেন।এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বেঙ্গল এসটিএফের একটি দল পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন একটি হোটেলে হানা দেয়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে।তদন্তকারী সূত্রে জানা গেছে, ধৃত বিধায়ককে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে।
পুলিশের দাবি, বিধায়কের এই মন্তব্য ও আচরণ ঘিরে এলাকায় অস্বস্তির সৃষ্টি হয়েছিল। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবে এসটিএফ। বিধায়কের এই গ্রেফতারির পর স্থানীয় রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে।


Recent Comments