রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের জন্য একটি করে সেবাকেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রগুলির নাম হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’। বিধায়কদের নিজ নিজ এলাকায় এই কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভোট দিয়েছেন কি না, তা না দেখে প্রত্যেক নাগরিককেই পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সেবাকেন্দ্র পরিচালনার জন্য সরকার প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রতিটি সেবাকেন্দ্রে রাখার জন্য ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি পাঠানো হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় শতাধিক এই ধরনের সেবাকেন্দ্র চালু হয়েছে বলেও জানান তিনি।
এ দিন প্রাক্তন বিধায়কদের জন্যও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মাসিক চিকিৎসাভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা জানানো হয়েছে। বর্ধিত চিকিৎসাভাতা অগস্ট থেকেই কার্যকর হবে। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের অবসরকালীন ভাতা বাড়ানোর বিষয়েও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। এজন্য বিধানসভায় সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে।
সরকার আর্থিক সঙ্কটের মধ্যে থাকলেও প্রবীণ প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগের সরকারের ভূমিকা নিয়েও তিনি কটাক্ষ করেন।
বিধানসভায় যাওয়ার আগে আদ্যাপীঠে গিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু। আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মতো ঘটনা এড়াতে আধ্যাত্মিক জাগরণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও বেশি করে গীতাপাঠ এবং গেরুয়া রঙের মাহাত্ম্য মানুষের কাছে তুলে ধরার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
এ ছাড়াও অসমের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে সেখানকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।


Recent Comments