রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য স্বস্তির খবর। LPG সংযোগের e-KYC সম্পন্ন করার সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকেরা এখন আগামী ৩১ অগস্ট পর্যন্ত e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
এর আগে প্রথম দফায় e-KYC সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৬ অগস্ট পর্যন্ত। পরে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সেই সময়সীমা বাড়িয়ে ২৩ অগস্ট করা হয়। তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকের e-KYC সম্পূর্ণ না হওয়ায় ফের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেল বিপণন সংস্থাগুলির দাবি, এখনও প্রায় ১৪ শতাংশ LPG গ্রাহকের e-KYC প্রক্রিয়া বাকি রয়েছে। অন্যদিকে, এখনও পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ গ্রাহক e-KYC সম্পন্ন করেছেন বলে সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।
তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে e-KYC সংক্রান্ত কাজের পাশাপাশি নাম পরিবর্তন ও তথ্য সংশোধনের জন্যও বহু গ্রাহক গ্যাস এজেন্সিতে আসছেন। সেই কারণেই গ্রাহকদের পর্যাপ্ত সময় দিতে সময়সীমা আরও বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
ফলে যাঁরা এখনও রান্নার গ্যাসের e-KYC সম্পন্ন করতে পারেননি, তাঁদের হাতে আরও কয়েকদিন সময় থাকছে। তবে শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


Recent Comments