ভাই-বোনের ভালোবাসার বন্ধনের সঙ্গে এবার জুড়ে গেল প্রকৃতি রক্ষার বার্তা। রাখির বন্ধন শুধু ভাই-বোনের সম্পর্ককেই দৃঢ় করবে না, সেই রাখি থেকেই জন্ম নিতে পারে নতুন গাছ। এমনই অভিনব ভাবনায় পরিবেশবান্ধব রাখি তৈরি করে নজর কেড়েছেন কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের মদনমোহন কলোনির বাসিন্দা রমেশ ঝা।
অবসর সময়ে তৈরি করা এই বিশেষ রাখির মূল আকর্ষণ হল বিভিন্ন গাছের বীজ। রাখি খোলার পর সেটি ফেলে না দিয়ে মাটিতে পুঁতে দিলেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর সম্ভাবনা রয়েছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যোগ। রমেশের কথায়, ‘একটি বীজ, একটি গাছ’— এই ভাবনাকেই সকলের কাছে পৌঁছে দিতে চান তিনি।
এই পরিবেশবান্ধব রাখি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শশা, শিশির-সহ বিভিন্ন গাছের বীজ। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।
বোটানিক্যাল বিভাগের প্রাক্তন কর্মী রমেশ ঝা তাঁর কর্মজীবনের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন এই উদ্যোগে। তবে এ ধরনের উদ্যোগ তাঁর কাছে নতুন নয়। গত বছরও পরিবেশবান্ধব রাখি তৈরি করেছিলেন তিনি। এবারও সেই উদ্যোগকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন।
রমেশের বিশ্বাস, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলা এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন। তাই রাখির মতো উৎসবকে কেন্দ্র করে মানুষের হাতে হাতে গাছ লাগানোর বার্তা পৌঁছে দিতে চান তিনি।
ভাই-বোনের সম্পর্কের প্রতীক রাখি এভাবেই হয়ে উঠেছে প্রকৃতির সঙ্গেও মানুষের নতুন এক বন্ধনের প্রতীক।


Recent Comments