নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও জারি করা নির্দেশিকা বাতিল করার আবেদন জানানো হয়েছে।
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। মামলাকারীর অভিযোগ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জ্ঞানেশ কুমার অন্য দুই নির্বাচন কমিশনারের মতামতকে উপেক্ষা করেছেন। ভোটার তালিকা সংশোধনের জন্য ব্যবহৃত সফটওয়্যার-সহ একাধিক সিদ্ধান্ত ও নির্দেশিকা নিয়ে অন্য কমিশনারদের সম্মতি ছিল না বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় জ্ঞানেশ কুমারের পাশাপাশি সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গার্গ এবং কমিশনের ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খান্নার বিরুদ্ধেও জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত আরও জোরালো হয় সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়েছিল, গত কয়েক মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার একাধিকবার লিখিত আপত্তি জানিয়েছিলেন। সেই প্রতিবেদন সামনে আসার পরই বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভ্যন্তরীণ বিরোধের অভিযোগ অস্বীকার করা হয়েছে। কমিশনের বক্তব্য, গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয় এবং এই মতানৈক্যকে অন্তর্কলহ হিসেবে দেখার কোনও কারণ নেই।
এরই মধ্যে জ্ঞানেশ কুমারের নির্ধারিত কয়েকটি কর্মসূচিও পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মিরাট ও বারাণসীতে তরুণ ভোটার এবং ‘জেন-জি’-র সঙ্গে মতবিনিময়ের জন্য ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের দুটি আঞ্চলিক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচিগুলি আপাতত স্থগিত করা হয়েছে।
যদিও নির্বাচন কমিশনের দাবি, এই কর্মসূচি বাতিল করা হয়নি। অন্যান্য কর্মসূচির সঙ্গে সময়সূচি মেলাতেই তারিখ পরিবর্তন করা হয়েছে। কমিশনের বক্তব্য, এটি সম্পূর্ণ রুটিন প্রক্রিয়া। এই পরিস্থিতির মধ্যেই জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবার পৌঁছল দেশের শীর্ষ আদালতে।


Recent Comments