গত সপ্তাহজুড়ে সংসদে চলেছে অচলাবস্থা। বিরোধী হইহট্টগোল আর শাসক দলের পাল্টা স্লোগানে কান পাতা দায় ছিল লোকসভায়। আজ, সোমবার কি সেই ছবিটা বদলাবে? নাকি সংঘাতের পারদ আরও চড়বে? রাজনৈতিক মহলের নজর এখন তৃণমূল কংগ্রেস (TMC)-এর ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর দিকে। কারণ, আজ বাজেট অধিবেশনে তিনি মোদী সরকার (Modi Government)-কে তুলোধোনা করতে পারেন বলে খবর। রবিবার রাতেই দিল্লি পৌঁছে গেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বাজেটে বঞ্চনার ‘খতিয়ান’: তৃণমূল সূত্রে খবর, আজ লোকসভায় দলের হয়ে প্রথম বক্তা হিসেবেই মাইক হাতে নিতে পারেন অভিষেক। তাঁর মূল ফোকাস হবে—কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) বাংলাকে কীভাবে ফের ‘বঞ্চিত’ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান তুলে ধরে তিনি দেখাতে পারেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে টাকার বন্যা বইছে, আর বাংলার ক্ষেত্রে ভাঁড়ে মা ভবানী। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ রাজ্যের পাওনা প্রায় ২ লক্ষ কোটি টাকা আজও মেটায়নি কেন্দ্র। বারবার দরবার করেও মেলেনি সুরাহা। আজ সেই বকেয়া ইস্যুতেই সংসদ কাঁপাতে পারেন অভিষেক।
‘SIR’ ইস্যুতে তোপ: তবে শুধু বাজেট নয়, অভিষেকের তূণে আজ থাকতে পারে আরও এক মোক্ষম অস্ত্র—’SIR’ বা ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’। বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন (Election Commission) যে ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’ নিয়েছে, তা নিয়ে সরব হতে পারেন তিনি। তৃণমূলের অভিযোগ, নামের বানান বা তথ্যের সামান্য ভুলের অজুহাতে রাজ্যের ১ কোটি ৩৬ লক্ষ মানুষকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকায় ফেলা হয়েছে। এই হয়রানির জেরে নাকি ইতিমধ্যেই ১৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। ভিন রাজ্য থেকে মাইক্রো অবজ়ার্ভার এনেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কমিশন।
সুপ্রিম কোর্টের প্রসঙ্গ: গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সুপ্রিম কোর্টে (Supreme Court) উপস্থিত হয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। আজ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সেই মামলার শুনানিও আছে। অভিষেকের বক্তৃতায় উঠে আসতে পারে সেই আইনি লড়াইয়ের কথাও। গণতন্ত্র রক্ষায় তৃণমূল যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তা সংসদের রেকর্ডবুকে তুলে ধরতে চাইবেন তিনি।
রাহুল গান্ধীর বই বিতর্ক: অন্যদিকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-ও আজ আসরে নামতে পারেন। প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভনের লেখা বই নিয়ে তিনি ফের মোদী সরকারকে বিঁধতে পারেন বলে জল্পনা। গত সপ্তাহে এই ইস্যুতেই উত্তাল হয়েছিল লোকসভা। ট্রেজারি বেঞ্চের দাবি ছিল, অপ্রকাশিত বইয়ের রেফারেন্স দেওয়া যায় না। আজ সেই বিতর্কের জল কতদূর গড়ায়, সেদিকেও নজর থাকবে।
সব মিলিয়ে, সপ্তাহের প্রথম দিনেই সংসদের অন্দরে ‘হাইভোল্টেজ ড্রামা’ দেখার অপেক্ষায় দেশবাসী।
