ঘূর্ণিঝড় অর্ণবের দাপট কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি সঞ্চয় করে রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘মুরাসু’। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ের আশঙ্কা করছেন আবহবিদেরা।
মৌসম ভবনের পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নচাপটি দ্রুত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেন্নাই থেকে প্রায় ৮৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল সেটি। একই সময়ে বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব ছিল প্রায় ৮৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। মছিলিপত্তনম থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ওঙ্গোল থেকে প্রায় ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল নিম্নচাপটি। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে এগিয়েছে এই আবহাওয়াব্যবস্থা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে মঙ্গলবার ভোরের দিকে উপকূলের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ৩ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।
আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূলীয় এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখছে মৌসম ভবন।
নতুন এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আপাতত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যের কোথাও নতুন করে আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়নি।


Recent Comments