এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার স্পষ্ট জানিয়ে দিল এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোনও বাধা সহ্য করা হবে না ৷ চূড়ান্ত তালিকায় কাদের কাদের নাম থাকবে সেই সিদ্ধান্ত শুধু ইআরও (ERO)-রাই নিতে পারবেন৷ মাইক্রো অবজারভাররা এসআইআরের কাজে সাহায্য করবেন মাত্র ৷ ভোটার তালিকার স্ক্রটিনি বা নথি খতিয়ে দেখার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে শীর্ষ আদালত৷ অর্থাৎ, 14 ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না ৷
এদিনের শুনানির একটি অংশে কমিশনের তরফে দাবি করা হয় এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় তারা রাজ্য প্রশাসনকে এফআইআর করতে বলেছিল৷ কিন্তু সেই এফআইআর করা হয়নি৷ এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে৷
শুনানির এই অংশে 19 জানুয়ারির একটি নির্দেশের কথা মনে করিয়ে দেন বিচারপতিরা ৷ সেদিন সর্বোচ্চ আদলত জানিয়ে দেয় এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা যেন না হয় সেটা দেখতে হবে ৷ সেই নির্দেশ কেন পালন করা গেল না সেটাই হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে ৷

