দৈনন্দিন কাজের সুবিধার জন্য অনেকেই অফিসের কম্পিউটার কিংবা ল্যাপটপে WhatsApp Web ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস থেকেই তৈরি হতে পারে সাইবার নিরাপত্তার ঝুঁকি। ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন, ফোন নম্বর এবং WhatsApp অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে। এমনই আশঙ্কার কথা জানিয়ে সোমবার, ২৩ নভেম্বর সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভাগ।
ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর অধীন ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিকস ইউনিট (NCTAU) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে WhatsApp Web ব্যবহারের সময় অসতর্ক থাকলে ব্যবহারকারীরা সাইবার অপরাধের শিকার হতে পারেন। হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ব্যক্তিগত চ্যাট পড়তে পারে। এমনকি ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট থেকে বিভিন্ন ফোন নম্বর সংগ্রহ করারও আশঙ্কা রয়েছে।
শুধু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াই নয়, কোনও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে গেলে প্রতারকরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছে মেসেজ পাঠাতে পারে। এর মাধ্যমে অন্যদের প্রতারণার ফাঁদে ফেলার সম্ভাবনাও রয়েছে। ফলে একজন ব্যবহারকারীর অসতর্কতার কারণে তাঁর পরিচিতরাও সমস্যায় পড়তে পারেন বলে সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অফিসের কম্পিউটার, শেয়ার করা ল্যাপটপ এবং সাইবার ক্যাফের মতো জায়গায় WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, একই যন্ত্র একাধিক ব্যক্তি ব্যবহার করলে ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। কাজ শেষ হওয়ার পর শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই দায়িত্ব শেষ হয় না। কম্পিউটার বন্ধ করার আগে অবশ্যই WhatsApp Web থেকে লগআউট করতে হবে।
এ ছাড়া অন্যের ব্যবহার করা কম্পিউটার বা হোটেলের মতো জায়গায় থাকা পাবলিক ডিভাইসে WhatsApp Web না খোলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে হলে ব্রাউজারের ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করার কথা বলা হয়েছে। পাশাপাশি কম্পিউটারের সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা এবং অপরিচিত কোনও ফাইল বা সন্দেহজনক লিঙ্ক থেকে কিছু ডাউনলোড না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থার পরামর্শ অনুযায়ী, WhatsApp Web-এ সংবেদনশীল বা গোপনীয় তথ্য আদানপ্রদান করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে সরকারি দফতরের কাজ, অফিসের গুরুত্বপূর্ণ তথ্য কিংবা আর্থিক লেনদেনের মতো বিষয়ে এই ধরনের শেয়ার করা ডিভাইস ব্যবহার না করাই নিরাপদ। নিজের অ্যাকাউন্ট থেকে কোনও অচেনা ব্যক্তির কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ চলে গেলে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে হবে।
প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি। তাই সামান্য অসতর্কতা যাতে বড় বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে ব্যবহারকারীদের সচেতন থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।


Recent Comments