নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে বাংলার বিজেপি বিধায়কদের বুথভিত্তিক জনসংযোগে নামার নির্দেশ দিল দলের শীর্ষ নেতৃত্ব। ফেব্রুয়ারির মধ্যেই এই কর্মসূচি সম্পূর্ণ করতে হবে বলে সাফ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথস্তরে জনসংযোগের কাজ শেষ করতে হবে।
নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। শাসক ও বিরোধী—সব পক্ষই নিজেদের মতো করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। এই আবহেই বিজেপি নেতৃত্ব মনে করছে, এখনই মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার সময়।
বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় রাজ্যে কার্যত ‘সাইলেন্ট পিরিয়ড’। এই সময় মাইকিং বা বড় সমাবেশ নয়, বরং বাড়ি-বাড়ি গিয়ে শান্তভাবে জনসংযোগই মূল লক্ষ্য। সেই কৌশলকেই হাতিয়ার করে বিজেপি নেতৃত্ব বিধায়কদের নির্দেশ দিয়েছে প্রতিদিন অন্তত পাঁচটি বুথ এলাকায় বাড়ি-বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলতে।
নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে হবে। মন্দির দর্শন, উঠোন বৈঠক, দলের নিচুতলার কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এমনকি কর্মীদের বাড়িতে ভোজনে যাওয়ার মতো কর্মসূচিও রাখতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের কোনও সমস্যা বা অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, সংগঠনকে বুথস্তরে আরও মজবুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নির্বাচনের আগে জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন বুঝে নিতে চাইছে গেরুয়া শিবির—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ https://bengali.newscope.press/supreme-court-scolds-pro-bjp-organisation/

