Om Shankar Bhatta: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা করল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এবং আজাদ সমাজ পার্টি। লখনউয়ে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের কথা ঘোষণা করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং নাগিনার সাংসদ তথা আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের রাম মন্দির দর্শন প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। এ বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে একটি শায়েরির মাধ্যমে অখিলেশকে কটাক্ষ করেন ওয়াইসি। তিনি বলেন, “সরকতি জায়ে রুখ সে নকাব আহিস্তা, নিকলতা আ রাহা হ্যায় তেরা চেহরা আহিস্তা আহিস্তা।” অর্থাৎ, মুখের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আসল চেহারা ক্রমশ সামনে আসছে।
পাশাপাশি অতীতের অযোধ্যা আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন ওয়াইসি। এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর মুলায়ম সিং যাদব অযোধ্যা নিয়ে কী বলেছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, অযোধ্যা মামলায় আজম খানকে আহ্বায়ক করা হয়েছিল। সেই সময় সমাজবাদী পার্টির একাধিক বিধায়কের বাবাকেও জেলে যেতে হয়েছিল বলে দাবি করেন ওয়াইসি। এই বিষয়গুলি নিয়েও প্রশ্ন তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Recent Comments