নিজের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিকে কেন্দ্র করেই বৃহস্পতিবার আদালতে তৈরি হল উত্তপ্ত পরিস্থিতি। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যকে হাতিয়ার করে আদালত অবমাননার প্রসঙ্গ তুলল রাজ্য সরকার। অন্যদিকে, মূল মামলা থেকে আদালতের দৃষ্টি সরানোর চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেন অভিষেকের আইনজীবী। দুই পক্ষের সওয়াল-জবাবের পর মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও।
একসময় জেড প্লাস (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর নিরাপত্তার স্তর কমিয়ে এক্স (X) ক্যাটাগরি করা হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন তিনি। শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, একজন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার বা কমিয়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। রাজনৈতিক কর্তাদের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর পরেই পাল্টা সওয়ালে অভিষেকের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। ওই সাক্ষাৎকারে বিচারব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। রাজ্যের আইনজীবীর দাবি, একজন সাংসদের এ ধরনের মন্তব্য আদালতের মর্যাদাকে আঘাত করে এবং তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে। শুধু তাই নয়, অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরু করার আবেদনও জানান তিনি।
রাজ্যের আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু বিচারব্যবস্থাকে সেই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে টেনে আনা উচিত নয়। সাক্ষাৎকারে বিচারপতিদের সম্পর্কে কটাক্ষ করা হয়েছে এবং নির্দিষ্ট বিচারপতির নামও উল্লেখ করা হয়েছে বলে আদালতে দাবি করেন তিনি। যদিও অভিষেকের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে জানান, নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই। মূল বিষয় থেকে আদালতের নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন শুনানির সময় অভিষেকের আইনজীবী আরও দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে নিশানা করা হচ্ছে। তাঁর বক্তব্য, অভিষেকের বাড়িতে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। আইনজীবীর দাবি, এর আগে তাঁর উপর ছ’বার হামলার ঘটনা ঘটেছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে অভিষেকের নিরাপত্তা পুনর্বিবেচনার আবেদন জানান তিনি।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতির বক্তব্য, যদি অভিষেক মনে করেন কোনও বিচারপতি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা হলে কারা বিজেপির সঙ্গে রয়েছেন, সেই তালিকা তাঁকে দিতে বলা হোক। আদালত সেই তালিকা খতিয়ে দেখবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, কোনও একটি বেঞ্চ থেকে স্বস্তি না পেলে অন্য বেঞ্চের দ্বারস্থ হওয়ার সুযোগও তো ছিল। এমনকি ছুটির দিনেও আদালতের একাধিক বেঞ্চ বসেছিল বলে উল্লেখ করেন তিনি।
বিচারপতি আরও বলেন, অভিষেক একজন শিক্ষিত মানুষ এবং দেশের একজন নির্বাচিত সাংসদ। তাই তাঁর বক্তব্য ও আচরণের ক্ষেত্রে দায়িত্বশীলতা থাকা প্রয়োজন। বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর (ACR) লেখার সঙ্গে তুলনা টেনে অভিষেকের মন্তব্যের কড়া সমালোচনাও করেন তিনি।
উল্লেখ্য, ওই সাক্ষাৎকারে অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলা আদালতে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি হচ্ছে বলে দাবি করে বিচারব্যবস্থার একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, বিচারপতিদের একাংশ সংবিধান রক্ষায় সচেষ্ট হলেও একটি শ্রেণি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।
এই মন্তব্যকে কেন্দ্র করেই এবার আদালতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে আদালতের চূড়ান্ত অবস্থান এখনও জানা যায়নি। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় ঘোষণা স্থগিত রয়েছে।


Recent Comments