Om Shankar Bhatta: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশ্যে আসার পর থেকেই বইটির বিভিন্ন তথ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বইটিতে একাধিক ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক পরিসংখ্যান এবং গুরুত্বপূর্ণ তারিখে ভুল ও অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ঘটনা থেকে শুরু করে ভারতের রাজনৈতিক ইতিহাস—বিভিন্ন ক্ষেত্রেই বইটির তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বইটিতে নেলসন ম্যান্ডেলার ভারত সফরের বছর ১৯৯১ উল্লেখ করা হয়েছে, যদিও তিনি ১৯৯০ সালের অক্টোবরে ভারতে এসেছিলেন। একইভাবে, ১৯৯৪ সালে ম্যান্ডেলার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া তৎকালীন উপরাষ্ট্রপতি কে. আর. নারায়ণনকে বইয়ে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৮৫ সালের নাসাউ কমনওয়েলথ বৈঠক এবং ১৯৮৮ সালে রাজীব গান্ধীর চীন সফরের সময় দেং জিয়াওপিংয়ের পদ নিয়েও ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
রাজীব ও সোনিয়া গান্ধীর প্রথম সাক্ষাতের বয়স নিয়েও অসংগতি সামনে এসেছে। বই অনুযায়ী, ১৯৬৫ সালের জানুয়ারিতে কেমব্রিজে প্রথম সাক্ষাতের সময় সোনিয়ার বয়স ছিল ১৯ এবং রাজীবের ২১ বছর। অথচ তাঁদের জন্মতারিখ অনুযায়ী ওই সময় সোনিয়ার বয়স ১৮ এবং রাজীবের ২০ বছর হওয়ার কথা।
কার্গিল যুদ্ধের বিবরণ নিয়েও প্রশ্ন উঠেছে। বইয়ে দাবি করা হয়েছে, তাশি নামগিয়াল যখন পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখতে পান, তখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ইসলামাবাদে নওয়াজ শরিফের অতিথি ছিলেন। কিন্তু বাজপেয়ী ১৯৯৯ সালের ২০-২১ ফেব্রুয়ারি লাহোর সফর করেছিলেন এবং নামগিয়াল অনুপ্রবেশকারীদের দেখতে পান ৩ মে। পাশাপাশি, মে থেকে জুলাই পর্যন্ত প্রায় তিন মাস স্থায়ী কার্গিল যুদ্ধকে বইয়ে ১০ মাসের ঘটনা হিসেবে উল্লেখ করার অভিযোগ রয়েছে। ১৯৯৯ সালের এপ্রিলে বাজপেয়ী সরকারের এক ভোটে পরাজয়ের ঘটনাকেও ‘অনাস্থা প্রস্তাব’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও সেটি ছিল আস্থা ভোট।
নির্বাচনী পরিসংখ্যানেও গরমিলের অভিযোগ উঠেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেলেও এনডিএ-র আসন সংখ্যা ৩৩৬-এর পরিবর্তে ৩৫৩ লেখা হয়েছে। ৩৫৩টি আসন এনডিএ পেয়েছিল ২০১৯ সালের নির্বাচনে। আবার ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা বইয়ের দুটি জায়গায় যথাক্রমে ৪০৫ ও ৪০৪ উল্লেখ করা হয়েছে।
গুজরাটের রাজধানী হিসেবে আহমেদাবাদের নাম উল্লেখ করা নিয়েও প্রশ্ন উঠেছে। ১৯৭০ সাল থেকেই গান্ধীনগর গুজরাটের রাজধানী। অন্যদিকে, গোধরা কাণ্ডে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে আগুন লাগার ঘটনা ঘটলেও বইয়ে চারটি বগিতে আগুন লাগার কথা লেখা হয়েছে বলে অভিযোগ।
রাহুল গান্ধীর মানহানি মামলার ঘটনাপ্রবাহেও ভুলের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে করা মন্তব্যের জেরে ওই বছরই মামলা দায়ের হয়। ২০২৩ সালের ২৩ মার্চ সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয়। কিন্তু বইয়ে ২০২৩ সালে মামলা দায়ের এবং গুজরাট হাইকোর্টের সাজা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি উঠেছে।
এ ছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাবর্ষ ১৯২৫-এর পরিবর্তে ১৯২১ লেখা হয়েছে বলে অভিযোগ। সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত আহমেদ প্যাটেলের মৃত্যুর বছর ২০২০-এর বদলে ২০২২ উল্লেখ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
শাহ বানো মামলার ক্ষেত্রেও ২০০১ সালের সুপ্রিম কোর্টের রায়ের বিবরণ অসম্পূর্ণ রাখার অভিযোগ উঠেছে। আদালত ১৯৮৬ সালের আইনটির বৈধতা বজায় রাখলেও তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের ইদ্দত পরবর্তী সময়েও ন্যায্য ভরণপোষণের অধিকারের বিষয়টি স্পষ্ট করেছিল। বইয়ে সেই দিকটি সম্পূর্ণভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ।
বইটির বিভিন্ন অংশে উঠে আসা এই কথিত তথ্যগত অসংগতি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Recent Comments