টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)-এ ভারতের দ্বিতীয় ম্যাচের আগেই শিবিরে প্রবল উৎকণ্ঠা। আগামী ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলতে নামার কথা টিম ইন্ডিয়ার, কিন্তু তার আগেই আচমকা হাসপাতালে ভর্তি হতে হলো দলের অন্যতম ভরসাযোগ্য তরুণ ব্যাটার অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। পেটের গুরুতর সংক্রমণ বা স্টমাক ইনফেকশনের (Stomach Infection) জেরেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে খবর।
কী হয়েছে অভিষেকের? টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আমেরিকার (USA) বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। ম্যাচের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। প্রচণ্ড জ্বর এবং পেটের যন্ত্রণায় কাবু হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দিল্লিতে হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-এর আয়োজিত নৈশভোজ বা টিম ডিনারেও যোগ দিয়ে কিছুক্ষণ পরেই অসুস্থতার কারণে বেরিয়ে যান তিনি।
নামিবিয়া ম্যাচে খেলবেন কি? ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) মঙ্গলবার জানিয়েছিলেন যে, তাঁরা অভিষেককে পরের ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে নামিবিয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অভিষেক কেমন আছেন বা কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে বিষয়ে বিসিসিআই (BCCI) বা টিম ম্যানেজমেন্টের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বিকল্প কে? স্বস্তি কোথায়? অভিষেক যদি না খেলতে পারেন, তবে তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিমধ্যেই চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার হর্ষিত রানা (Harshit Rana)। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-ও এখনও পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি।
তবে এই জোড়া দুঃসংবাদের মাঝেই একটা স্বস্তির খবর হলো, অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরুতেই এমন চোট-আঘাত আর অসুস্থতার ধাক্কা কি সামলে উঠতে পারবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল? সেদিকেই নজর থাকবে কোটি কোটি ভারতীয় ক্রিকেট ফ্যানের।
