অশোক সেনগুপ্ত
মঙ্গলবার, ৩ মার্চ ‘বিশ্ব শ্রবণ দিবস’। এই উপলক্ষ্যে সমাজসেবী সংগঠন ‘অণ্বেষা কলকাতা’ কান এবং শোনার যত্নের উপর একগুচ্ছ সচেতনতামূলক অনুষ্ঠান করছে।
কানে কম শোনা বা বধিরতা – একটি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা। বধিরতা প্রতিরোধ, কানের ও শোনার যত্নের উপর জোর দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) এর উদ্যোগে বরাবরের মতন এবছরেও পৃথিবী জুড়ে বিশ্ব শ্রবণ দিবস পালন করা হবে। এবারের থিম হল “কমিনিউটি থেকে ক্লাসরুম: প্রত্যেকটি শিশুর জন্য চাই শোনার যত্ন!”
বধির শিশু ও ব্যক্তিদের মা বাবা এবং শুভাকাঙ্খীদের সংগঠন ‘অন্বেষা কলকাতা’-র কো অর্ডিনেটর (অ্যাওয়ারনেস, কমিউনিকেশন, অ্যাডভোকেসি) অর্ণব কুমার ভট্টাচার্য এই প্রতিবেদককে জানান, “বিগত ২০ বছরের বেশি সময় ধরে বধির ব্যক্তিদের কল্যাণের কাজে যুক্ত।” ,
১ মার্চ রবিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রানু ছায়া মঞ্চে ‘ডিসেবিলিটি এক্টিভিস্টস ফোরাম, পশ্চিমবঙ্গ’-র সঙ্গে যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। সেখানে নানান বক্তব্য, কুইজ এবং পথ নাটিকার ভিত্তিতে কানের এবং শোনার যত্ন বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
৫মার্চ, বৃহস্পতিবার, ২০২৬: ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল এর পড়ুয়াদের জন্য দুপুরে সুরক্ষিত শ্রবণ বিষয়ে এক ঘন্টা ব্যাপী একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৬ মার্চ, শুক্রবার, ২০২৬: গরফা ১২ পল্লী সংঘের সহায়তায় গরফা যাদবপুর এলাকার দুঃস্থ শিশু এবং বাসিন্দাদের জন্য বিনামুল্যে কানের পরীক্ষার শিবিরের আয়োজন করা হবে।
১৫ মার্চ, রবিবার, ২০২৬: শিশু কিশোর পত্রিকা ‘অনাবিল’-এর সৌজন্যে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা অবধি সুরক্ষিত শ্রবণ বিষয়ে এক ঘন্টা ব্যাপী একটি সচেতনতামূলক ওয়েবিনার-এর আয়োজন করা হবে।

