দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যেভাবে তদন্ত এগিয়েছে, তাতে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে পুলিশ সুপারের (এসপি) অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। প্রশাসনের তরফে তদন্তের অগ্রগতি এবং কী কী পদক্ষেপ করা হয়েছে, তা পরিবারটিকে জানানো হয়।
বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে বিক্ষোভের সময়ে চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনারও তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। পরে সেই গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা সন্তুষ্ট। অন্যদিকে, গণপিটুনিতে যে যুবক নিহত হয়েছেন, তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেছি। পুলিশের প্রাথমিক তদন্তে স্পষ্ট যে ওই যুবক সম্পূর্ণ নির্দোষ। এই খুনেরও বিচার হবে এবং দোষীদের কাউকে ছাড়া হবে না।”
বিক্ষোভের নামে যারা গণপিটুনিতে উসকানি দিয়েছে, তাদের ‘দেশবিরোধী’ ও ‘মৌলবাদী শক্তি’ বলে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভোটে যাঁরা হেরেছেন এবং কিছু দিন আগে ক্ষমতা থেকে সরে গিয়েছেন, তাঁরাই পিছন থেকে এই অশান্তিতে হাওয়া দিয়েছেন। শুভেন্দু বলেন, “এরা আদতে ‘অ্যান্টিন্যাশনাল ফোর্স’। অশান্তি সৃষ্টিকারী ও উসকানিদাতাদের মধ্যে প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের হাতে একাধিক কল রেকর্ডিং এসেছে। প্রত্যেকের নাম খুনের মামলায় জুড়বে। যারা হুলিগ্যানিজ়ম করেছে, রেললাইন উপড়েছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। গুন্ডামি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”
ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ডে এখনও পর্যন্ত কী কী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার একটি বিস্তারিত রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে তলব করেছেন তিনি। একইসঙ্গে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে, তার কাছেই একটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি ফের বারুইপুরে আসবেন এবং এসে এই নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন ও দুই পরিবারের সঙ্গে দেখা করবেন।
উল্লেখ্য, এদিন এসপি অফিসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এলাকার সাংসদ সায়নী ঘোষ এবং বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, বারুইপুরে বিক্ষোভের সময়ে জখম হওয়া তিন পুলিশকর্মী বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি হাসপাতালেও যাবেন।


Recent Comments