back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedবর্ষার আগেই ভরতপুরে ডেঙ্গু-ম্যালেরিয়ার থাবা, আক্রান্ত বাড়তেই উদ্বেগ স্বাস্থ্যদপ্তরের

বর্ষার আগেই ভরতপুরে ডেঙ্গু-ম্যালেরিয়ার থাবা, আক্রান্ত বাড়তেই উদ্বেগ স্বাস্থ্যদপ্তরের

নিজস্ব সংবাদদাতা : বর্ষা এখনও শুরু হয়নি। তার আগেই মুর্শিদাবাদের ভরতপুর-১ ব্লকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যদপ্তরের অন্দরে। ইতিমধ্যেই ব্লকে তিনজন ডেঙ্গু এবং ছ’জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় জোরকদমে সচেতনতামূলক প্রচার শুরু করেছে ব্লক স্বাস্থ্যদপ্তর।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ১০ দিনের মধ্যে ভরতপুর গ্রামের তিনজন বাসিন্দার শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে, গত ১৫ দিনে ভরতপুর ও সাহাপুর গ্রামে মোট ছ’জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা স্বাস্থ্যদপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের অধিকাংশই ভিনরাজ্যে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই সংক্রমিত হয়ে এলাকায় ফিরেছেন বলে অনুমান করা হচ্ছে।

ভরতপুর-১ ব্লক স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানান, গত বছর ব্লকে মোট ৫৫ জন ডেঙ্গু এবং ১০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এবছর বর্ষা শুরুর আগেই সংক্রমণের ঘটনা সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও আক্রান্তরা বাইরে থেকে সংক্রমণ নিয়ে এসেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবুও যাতে তা এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা।

জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক ব্যক্তির পর তাঁর স্ত্রীও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি সচেতনতা প্রচার শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। বাসিন্দাদের জমা জল পরিষ্কার রাখা, নিয়মিত মশারি ব্যবহার করা এবং জ্বর হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।এদিকে, এলাকায় একাধিক জায়গায় জল জমে থাকার অভিযোগও সামনে এসেছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে স্বাস্থ্যদপ্তর। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত পঞ্চায়েত সদস্যদের এলাকায় নিকাশি নালা পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পঞ্চায়েতগুলির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

আরো পড়ুন:  শিয়ালদহ শাখায় যাত্রী ভোগান্তি কমাতে বিশেষ লোকাল ট্রেন, দেখে নিন সময়সূচী

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments