“কেন্দ্র আর রাজ্য সরকার বাংলার মানুষের জন্য যে সব প্রকল্পের সুবিধা দেয়, দিদি সেই সুবিধাগুলো এই ৫০ লাখ বাংলাদেশিকে দেওয়ার চেষ্টায় ছিলেন। নির্বাচন কমিশন যদি আঘাত না করত, তবে এরা আপনাদের হক কেড়ে নিত।” এসআইআর-এর বিতর্কের আবহে সোমবার এই অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
উত্তর দিনাজপুর ইসলামপুরে বিজেপি-র ‘পরিবর্তন সভায়’ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এখানকার সরকার যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে—তাতে যখনই তাঁদের নাম বাদ যায়, তখনই দিদির খুব লাগে। ৫০ লাখের বেশি অনুপ্রবেশকারীর নাম যদি কাটা যায়, তবে তারা কার অধিকার ছিনিয়ে নিচ্ছিল? তারা কার ভাগের চাকরি নিচ্ছিল? কার রেশন খাচ্ছিল? কার আয়ুষ্মান ভারতের সুবিধা নিচ্ছিল?
নীতিন নবীন বলেন, “দিদি, আপনি তো বাংলাদেশিদের বসাতে ব্যস্ত; জাল কাগজের সাহায্যে সেই অনুপ্রবেশকারীদের আপনি এখানকার নাগরিক বানানোর খেলা খেলছেন। কিন্তু যখন এসআইআর-এর মাধ্যমে জাল ভোটারদের নাম বাদ দেওয়া হয়, তখন আপনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যান। অথচ বাংলার মেয়েদের যখন শোষণ করা হয়, সেদিন আপনার ঘুম ভাঙে না, তাঁদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারেন না।
আজ আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে যখন আমরা পুরো করিডোর তৈরি করতে চাইছি, কেন্দ্র সরকার যখন জমি চাইছে যে—”আপনারা আমাদের জমি দিন, আমরা সীমান্তে বেড়া দেব, বাংলার মানুষকে সুরক্ষিত করব, দেশের মানুষকে নিরাপদ রাখব”—তখন দিদি আপনার সরকার জমি দিতে পারে না। কারণ আপনি চানই না যে বাংলার মানুষ নিরাপদ থাকুক।”

