Ankita Mondal: দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পুরনো ফাইল খুলছে কেরলম সরকার। ২০০৬ সালে রাজ্যেরপূর্ত দফতরের সচিব থাকাকালীন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিয়েছে কেরলমের স্বরাষ্ট্র দফতর।
কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা রবিবার ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (VACB) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, ২০০৬ সালে জ্ঞানেশ কুমার যখন রাজ্যের পূর্ত দফতরের সচিব ছিলেন, তখন সরকারি কাজের বরাত দেওয়ায় ব্যাপক অনিয়ম হয়েছিল।
এই অভিযোগ তুলে আবেদন করেছেন মালয়ঙ্কিঝু ভেনুগোপাল নামে এক ব্যক্তি। তার আবেদনের ভিত্তিতেই স্বরাষ্ট্র দফতর ২০০৬ সালের ভিজিল্যান্সের প্রাথমিক তদন্তের সমস্ত ফাইল তলব করেছে।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এক মালয়েশিয়ান ইঞ্জিনিয়ারের আত্মহত্যার ঘটনা। মৃতের নাম লি সি বিন। তিনি ছিলেন PATI-BEL নামে একটি ইন্দো-মালয়েশিয়ান কনসোর্টিয়ামের চিফ প্রজেক্ট ম্যানেজার। এই সংস্থাটি কেরলম স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের (KSTP) অধীনে এমসি রোড আপগ্রেডেশনের কাজ করছিল।
অভিযোগ, কাজের চাপ এবং পূর্ত দফতরের আধিকারিকদের হেনস্থার জেরে তিনি কুয়ালালামপুরে আত্মঘাতী হন। তার সুইসাইড নোটে তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম ছিল বলে খবর।
অভিযোগ উঠেছে, ২০০৬ সালে ভিজিল্যান্স যে প্রাথমিক তদন্ত শুরু করেছিল, তা বাইরের চাপে ধামাচাপা পড়ে যায়। সেই তদন্ত আর এগোয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, “আমি নীরব দর্শক হয়ে থাকতে পারি না।” তাই ২০ বছর পুরনো সেই ফাইল ফের খোলা হচ্ছে। স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যেই VACB-র ডিরেক্টরের কাছে সমস্ত নথি পাঠিয়ে নতুন করে তদন্ত শুরু করতে বলেছে।

Recent Comments