রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন টলিউড সুপারস্টার দেব। সক্রিয় রাজনীতির ব্যস্ততা থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি মন দিতে চান বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়নে। দেবের কথায়, অভিনয়ই তাঁর আসল পরিচয়, আর সেই জায়গাতেই তিনি আবার ফিরতে চান পুরোদমে।বিধানসভা নির্বাচনের ফলাফল এবং ব্যক্তিগত জীবনের এক গভীর শোক—দুইয়ের ধাক্কা একসঙ্গে সামলাতে হয়েছে অভিনেতাকে।
নির্বাচনের ফল প্রকাশের দিনেই প্রিয় পোষ্য ‘লাকি’র মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। তবু সময়ের সঙ্গে বাস্তবতাকে মেনে নিয়ে আবার নতুন করে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে টলিউডে নতুন পরিবেশ তৈরির আশাও দেখছেন দেব। তাঁর মতে, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির ভিতরে চলে আসা ‘ব্যান’ সংস্কৃতি বাংলা সিনেমার বড় ক্ষতি করেছে। কোনও শিল্পী বা প্রযোজককে রাজনৈতিক মতের ভিত্তিতে কোণঠাসা করা উচিত নয় বলেই মনে করেন তিনি।
নতুন সরকারের কাছে তাঁর আবেদন, টলিউডকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক, যাতে আরও বেশি কাজ আসে এবং বাংলা ছবির বাজার আবার ঘুরে দাঁড়ায়।দেব স্পষ্ট জানিয়েছেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। মমতা ব্যানার্জি-এর অনুরোধেই রাজনীতিতে এসেছিলেন বলে দাবি তাঁর। তাই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন।টলিউডে দলাদলি এবং শিল্পীদের বয়কট করার প্রবণতার বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন দেব। তিনি মনে করিয়ে দেন,প্রজাপতি ছবিকে ঘিরে বিতর্কের সময়ও তিনি পিছিয়ে যাননি।
মিঠুন চক্রবর্তী-র সঙ্গে কাজ করার জন্য নানা বাধা এলেও তিনি প্রকাশ্যে ‘প্রজাপতি ২’-এর ঘোষণা করেছিলেন। একইভাবে সোহিনী সরকার,অনির্বাণ ভট্টাচারিয়া দের মতো শিল্পীদের নিয়েও কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি।ইন্ডাস্ট্রির অন্দরের ক্ষমতার রাজনীতি নিয়েও এদিন মুখ খোলেন দেব। বহু প্রযোজক ও কলাকুশলী দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছেন বলে তাঁর দাবি। তবে কোনও পক্ষ না নিয়ে তিনি জানিয়েছেন, বাংলা সিনেমার স্বার্থেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।ফেডারেশনের কোনও দায়িত্ব নিতে রাজি নন অভিনেতা। কিন্তু নেপথ্যে থেকে টলিউডের জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রির ভালো চেয়েছি সবসময়। সামনে না থাকলেও, বাংলা সিনেমার পাশে আমি থাকবই।”
রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে আবারও অভিনয়কেই জীবনের মূল কেন্দ্রবিন্দু করতে চাইছেন দেব। আর সেই সঙ্গে তাঁর স্বপ্ন—দলমত ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়াক বাংলা চলচ্চিত্র শিল্প।

Recent Comments