25 মার্চ 2026-হুগলির ভদ্রেশ্বরে দিল্লি রোডের ধারে একটি নীল ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা ও দগ্ধ নগ্ন দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিউরে ওঠেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর এলাকায়, দিল্লি রোডের ঠিক পাশেই। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের একটি জমিতে বস্তাবন্দি অবস্থায় একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন।
নীল ড্রামটি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা দ্রুত শ্বেতপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার বাঁধন খুলে ড্রামের ঢাকনা সরাতেই চমকে ওঠে। দেখা যায়, ড্রামের ভেতরে কুঁকড়ে রয়েছে বছর চল্লিশের এক ব্যক্তির নিথর দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের গলা কাটা ছিল। শরীর ছিল সম্পূর্ণ নগ্ন এবং দগ্ধ বা ঝলসানো অবস্থায়।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি নীল ড্রামে ভরে রাতের অন্ধকারে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
এই ঘটনার ধরন দেখে গত বছর উত্তরপ্রদেশের মেরঠে ঘটা নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি ফিরে এসেছে। ২০২৫ সালের ৪ মার্চ মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল। খুনের পর সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দিয়েছিল তারা। ভদ্রেশ্বরের এই নীল ড্রাম থেকে দেহ উদ্ধারের ঘটনায় অনেকেই সেই ‘মুসকান কাণ্ডের’ ছায়া দেখতে পাচ্ছেন।


Recent Comments