Om Shankar Bhatta: এশিয়ান গেমসে ভারতকে সোনা জেতানোর পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। গত ৬ অক্টোবর থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হয়েছে ৫ ম্যাচের টি ২০ সিরিজ। ৬ অক্টোবর লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম ম্যাচ । সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। ভারতের জয়ের মূল কারিগর অধিনায়ক শ্রেয়স আইয়ার। মাত্র ৪৩ বলে ১০২* রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তিনি।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাওয়ার প্লে-তেই ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট ফেলে দেয় ভারতের বোলাররা।পাওয়ার-প্লে শেষ হওয়ার পর প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রানের গতি বাড়ানো শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ও শেরফেন রাদারফোর্ড আক্রমণাত্মক ব্যাটিং করে দলীয় রানের গতি একলাফে বাড়িয়ে নেন। রাদারফোর্ড ৩৪ বলে ৫৬ এবং হোপ ৩৭ বলে ৫২ রান করেন। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের ব্যাটিংয়ের ওপর ভর করেই ১৯.১ ওভারে ১৭১ রান তুলে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বল হাতে সেরা পারফর্মার ছিলেন নমন ধীর, যিনি ৩১ রান খরচ করে ৩টি উইকেট পান। এছাড়া অক্ষর প্যাটেল ২৬ রানে এবং কুলদীপ যাদব ৩৩ রানে ২টি করে উইকেট নিজেদের নামে করেন এবং অর্শদীপ সিং ৩৪ রান খরচ করে ও মায়াঙ্ক যাদব ৪০ রান খরচ করে ১ টি করে উইকেট নিজেদের নামে করেন। হেটমায়ারকে রান আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখেছিলেন শ্রেয়স।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। অভিষেক শর্মা ১০ বলে ২১ এবং সঞ্জু স্যামসন ৯ বলে ১১ রান করে ফিরে যান। ৩৫ রানে ২ উইকেট পড়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
এরপর ঈশান কিষাণকে সাথে নিয়ে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন আইয়ার। মাঠের চারপাশে চার- ছয়ের জোয়ার ভাসিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণকে একাই গুঁড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। মাত্র ৪৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০২ রানে নট আউট থাকেন তিনি। অপরদিকে অন্য প্রান্তে নোঙর ফেলে ২৭ বলে ৫টি চারে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলে আইয়ারকে চমৎকার সঙ্গ দেন ঈশান কিষাণ।ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের তরফ থেকে আকিয়াল হোসেন ও রোস্টন চেজ ১টি করে উইকেট নেন।
মাত্র ১৪.৪ ওভারে ১৭২ রান তুলে নেয় ভারত। ৫.২ ওভার অর্থাৎ ৩২ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে ভারত। দুর্দান্ত শতরানের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও ওঠে আইয়ারের হাতে।প্রথম ম্যাচেই ভারত একচেটিয়া জয় পাওয়ায় সিরিজের শুরুতেই চরম মানসিক চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

Recent Comments