Om Shankar Bhatta:: নন্দীগ্রাম-রেজিনগর, ৬ অক্টোবর: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলাকালীন ভোটে অনিয়ম ভোটারদের ভয় দেখানো কংগ্রেসের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল । অভিযোগের ভিত্তিতে দুটি কেন্দ্রে সম্পূর্ণ পুনর্নির্বাচনের দাবি জানাল কংগ্রেস । রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ দুই নির্বাচন কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়াতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
কংগ্রেস দাবি করে যে রেজিনগরে একশোর বেশি বুথ থেকে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে । পরে কয়েকটি বুথে দলীয় এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও ওঠে। রেজিনগরের কংগ্রেস প্রার্থী মহম্মদ আবদুল্লাহিল কাফি স্থানীয় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে উপনির্বাচন বাতিল করে নতুন করে ইলেকশন করার দাবি জানান।
নন্দীগ্রামেও ভোটের অনিয়মের অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান । তার অভিযোগ বিভিন্ন বুথে কংগ্রেসের এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কিছু ভোটারদের ভয় দেখানোও হয়েছে তিনি আরো অভিযোগ করেন যে কয়েকটি এলাকায় ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ পরিচয় পত্র নিয়ে তাদের ভোট না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এমনটাই দাবি করেছে বিজেপি।
এদিকের রেজিনগরের আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশের তর্কবিতর্কের পর প্রথমে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে পুলিশ । নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রস্তুত করা রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনাকে কেন্দ্র করে রেজিনগর থানার সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন।
অভিযোগ ও পাল্টা অভিযোগের টানটান উত্তেজনার আবহেই দুটি কেন্দ্রে বিপুল ভোটদান সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, বিকেল তিনটে পর্যন্ত নন্দীগ্রামে ৭১.৭৯ শতাংশ এবং রেজিনগরে ৬৯.২৯ শতাংশ ভোট পড়ে। দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটদানের হার দাঁড়ায় ৭০.৫৪ শতাংশ। তবে কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণই ছিল । ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এখন নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Recent Comments