back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিরাজ্যের সমবায় প্রতিষ্ঠানের স্বচ্ছতার দাবি সহকারী ভারতীর

রাজ্যের সমবায় প্রতিষ্ঠানের স্বচ্ছতার দাবি সহকারী ভারতীর

রাজ্যের সমবায় প্রতিষ্ঠানের স্বচ্ছতার দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) আনুষঙ্গিক সংগঠন সহকারী ভারতী। এ ব্যাপারে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতা প্রার্থনা করেন। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তাঁরা সাংবাদিক সম্মেলন করেন
কলকাতা প্রেস ক্লাবে।

উদ্যোক্তারা বলেন, গত প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন স্তরে ক্ষমতা ও পদমর্যাদার অপব্যবহার, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং আর্থিক অনিয়মের যে অভিযোগ সামনে এসেছে, তা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। সমবায় প্রতিষ্ঠানের সম্পদ ও ক্ষমতা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার হতে পারে না। এগুলি লক্ষ লক্ষ সাধারণ সদস্যের সম্মিলিত সম্পদ ও আস্থার প্রতীক।

সহকার ভারতী বরাবরই সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা, সংস্কার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহি প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার। কিন্তু পশ্চিমবঙ্গের সমবায় ব্যবস্থার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের শীর্ষস্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলির পরিচালন ও প্রশাসনিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত একাধিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অসংগতির অভিযোগ সমগ্র সমবায় ক্ষেত্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

এই প্রেক্ষিতে সহকার ভারতীর সুস্পষ্ট দাবি—

১. রাজ্যের শীর্ষস্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলি-সহ সংশ্লিষ্ট সমবায় সংস্থাগুলির গত ১৫ বছরের কার্যকলাপ, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং পরিচালন ব্যবস্থার উপর একটি নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও উচ্চপর্যায়ের তদন্ত করা হোক।

২. ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলির যথাযথ অনুসন্ধান করে দোষীদের চিহ্নিত করা হোক এবং আইন ও বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

৩. সমবায়ের স্বার্থবিরোধী কার্যকলাপে যাঁদের সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হবে, তাঁদের সংশ্লিষ্ট পদ ও দায়িত্ব থেকে অপসারণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমবায়ের প্রশাসনিক ও পরিচালন ব্যবস্থা থেকে বহিষ্কারের ব্যবস্থা করা হোক।

৪. সমবায় প্রতিষ্ঠানগুলির পরিচালনায় স্বচ্ছতা, নিয়মিত অডিট, গণতান্ত্রিক নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ এবং জবাবদিহি সুনিশ্চিত করতে কার্যকর সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক।

আরো পড়ুন:  দুই জেলাশাসককে বদলির দাবি তুললেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ও সহযোগিতার অঙ্গীকার
আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সমবায় আন্দোলনের গুরুত্ব ও তার সামাজিক-অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতি সহকার ভারতীর আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি বিষয়টির গভীরতা উপলব্ধি করে রাজ্যের সমবায় ব্যবস্থাকে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গোষ্ঠীস্বার্থের প্রভাব থেকে মুক্ত করার জন্য যথাযথ ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন।

আমাদের প্রত্যাশা, মুখ্যমন্ত্রী সমবায় আন্দোলনের প্রকৃত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই ক্ষেত্রের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। সহকার ভারতী তাঁর কাছে কেবল অভিযোগ জানাতেই নয়, বরং তৃণমূল স্তরের অভিজ্ঞতা ও বাস্তব তথ্যের ভিত্তিতে সমস্যাগুলি চিহ্নিত করা, প্রয়োজনীয় নীতিগত সংস্কারের সুপারিশ করা এবং সেগুলির বাস্তবায়নে সহযোগিতা করার প্রস্তাবও রাখছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments