Susmita Das: বন্ধ যন্তর মন্তরের গেট টপকে বিক্ষোভ দেখানোর অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই শীর্ষনেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। বুধবার সকালে তাঁদের মন্দির মার্গের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়। একই ঘটনায় আটক দলের আর এক নেতা অজিঙ্ক্য শিন্দেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে বলে সিজেপির আইন বিষয়ক প্রধান রত্না সিংহ জানিয়েছেন। পুলিশের অভিযোগ, মঙ্গলবার যন্তর মন্তরে প্রবেশের জন্য ব্যারিকেড ও বন্ধ গেট অতিক্রম করে নির্ধারিত বিক্ষোভস্থলে ঢোকেন ওই নেতারা।
সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগানও দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য, শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গ এবং সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার মতো অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের সময় আটক হওয়ার পর সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন।
যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়ে দিল্লি পুলিশ রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ডকে বিকল্প স্থান হিসেবে চিহ্নিত করেছে। সিজেপি অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছে, আন্দোলন থামবে না।
অন্যদিকে, দলের আইন বিষয়ক প্রধানের অভিযোগ, আটক নেতাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। এই অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ্যে আসেনি। আপাতত আদালতের নির্দেশে দুই নেতাকে তিহাড় জেলে থাকতে হবে।

Recent Comments