কর্মীদের প্রবল বিক্ষোভ ও স্থানীয় নেতৃত্বের আপত্তির জেরে শেষ মুহূর্তে একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করল বিজেপি। মঙ্গলবার ১৩ জনের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় ময়নগুড়ি আসনে প্রার্থী বদল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে নতুন ও চমকপ্রদ নাম ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখা যায়। বিশেষ করে ময়নগুড়ি আসনে আগের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ ছিল তুঙ্গে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সেখানে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে ঘরোয়া কোন্দল সামাল দিতেই এই ‘ড্যামেজ কন্ট্রোল’ কৌশল নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
চতুর্থ তালিকায় একাধিক জেলার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য নামগুলি হলো—
হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, বাগদায় সোমা ঠাকুর, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, সোনারপুর উত্তরে দেবাশিশ ধর, ফলতায় দেবাংশু পাণ্ডা, মগরাহাট পূর্বে উত্তম কুমার বণিক এবং পাঁচলায় রঞ্জন কুমার পালকে প্রার্থী করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ মে। বাকি থাকা আসনগুলিতেও খুব শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।


Recent Comments