পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার প্রথম থেকেই সব রকম প্রতিবাদ ও বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার অভিযোগ করেছেন, এ বার বিধানসভা নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে হয়নি। তাঁর অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে।
তৃণমূলনেত্রী বলেন, ‘‘প্রথম কথা, কোনও রাজ্যে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি হয়নি। শুধু এ রাজ্যেই হয়েছে। জেনেশুনে ৬০ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। আমরা লড়াই করে ৩২ লক্ষের নাম তুললেও ২৭ লক্ষ এবং পরে বিজেপি আরও সাত লক্ষ নাম জমা দিয়েছিল।
তাঁর অভিযোগ, “তার পর রিগিং হয়েছে। আমাদের কাছে স্পেসিফিক খবর আছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ‘ডেটা হ্যাকিং’ করা হয়েছে। খবরগুলো এক এক করে কানে আসছে। বিজেপির লোকেরা সিআরপিএফের ড্রেস পরে কাউন্টিং হলে ঢুকে গিয়েছে। পরিকল্পিত ভাবে মিডিয়া দিয়ে আগেভাগে ২০০ আসনে জিতিয়ে দেওয়া…সকলেই জানেন।’’
‘মুখ্যমন্ত্রী’ শুভেন্দুর সমালোচনা করে মমতা বলেন, ‘‘আমিও প্রশাসন চালিয়ে এসেছি। আমরা উর্দিধারীদের কখনও বলিনি এই সব কাজ করতে। আমরা ২০১১ সালে ক্ষমতায় এসে মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম। আজ একটা মিটিং করতে গেলে অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, “প্রতি দিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের গ্রেফতার করা হচ্ছে। মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা দখল করছে। আড়াই হাজারের বেশি পার্টি অফিস লুম্পেনেরা দখল করেছে পুলিশকে সামনে রেখেই। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে বলছে, ইনস্ট্রাকশন আছে!’’


Recent Comments