বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) আগে এসআইআর-এর তালিকা প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ পুলিশে ফের একগুচ্ছ রদবদল হল। বদলি হলেন ১২ জন আইপিএস এবং ১ জন ডব্লুবিপিএস আধিকারিক।
রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডির ডিআইজি (CID DIG) হচ্ছেন কে শবরী রাজ কুমার, তিনি এতদিন হাওড়ার জয়েন্ট সিপি পদে ছিলেন। অন্যদিকে, গত জানুয়ারি মাসেই বিশাল গর্গকে এডিজি (সাইবার সেল) পদে নিয়ে আসা হয়েছিল, একমাসের মধ্যেই নতুন দায়িত্ব দেওয়া হল তাঁকেও।
২০২৪ সালে নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিনের মধ্যে সেই জায়গায় এসেছিলেন সৈয়দ ওয়াকার রাজা। রাজ্যে লোকসভা ভোটের সময় নিয়োগ করা সৈয়দ ওয়াকার রাজাকে এই পদ থেকে সরানো হল ঠিক বিধানসভা নির্বাচনের আবহে। তাঁকে বদলি করা হল উত্তরবঙ্গে।

