অশোক সেনগুপ্ত
অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন মানবাধিকার সংগঠন এপিডিআর-এর রাজ্য সম্পাদক রঞ্জিত সুর।
সোমবার রঞ্জিতবাবু এই দাবির কারণ হিসাবে সামাজিক মাধ্যমে লিখেছেন, “যে সিরিয়ালে অভিনয় করার সময় রাহুলের মৃত্যু ঘটেছে সেই ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিরিয়ালটির প্রযোজক সংস্থার বিরুদ্ধে অনুমতি না নেওয়া, নিরাপত্তা ব্যবস্থা না করা, অবহেলা, অব্যবস্থা, দায়িত্বজ্ঞানহীনতা ইত্যাদি বিষয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, প্রযোজকের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলাই রাহুলের মৃত্যুর কারণ। প্রযোজক যদি মহিলা কমিশনের চেয়ারম্যান হিসাবে ক্ষমতার আসনে বসে থাকেন তবে তদন্ত ভীষণভাবে প্রভাবিত হতে পারে। সকলেই জানেন, ন্যায় বিচার শুধু দিলেই হয় না দেখাতেও হয় যে ন্যায় বিচার দেওয়া হয়েছে।
কাজেই ন্যায় বিচারের স্বার্থে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ লীনা গঙ্গোপাধ্যায়ের উচিত অবিলম্বে পদ থেকে সরে দাঁড়ানো। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত টালিগঞ্জের পুরো সিনেমা-সিরিয়াল ইন্ডাস্ট্রির স্বার্থেই ভীষণ জরুরি।
এই পোস্ট কার ৬ ঘন্টা বাদে, সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ৩৭টি মন্তব্য এসেছে। অধিকাংশ প্রতিক্রিয়াই রঞ্জিতবাবুর বক্তব্যের সমর্থনে। রূপম চট্টোপাধ্যায় লিখেছেন, “এই মহিলার বিরুদ্ধে বহু অভিযোগ আছে। এই চটি চাটাকে ওমেন কমিশনের চেয়ারম্যান পদে রাখা মহিলাদের পক্ষেই নিরাপদ নয়।” বাবলু সাহা লিখেছেন, “কেয়া চক্রবর্তীর দুর্ঘটনার নামে ঠান্ডা মাথার পরিকল্পিত খুনের বিচার আজও হয়নি ; রাহুলের ক্ষেত্রেও হবেনা।” আশিস ভট্টাচার্য লিখেছেন, “একদম সত্যি কথা। মহিলা কমিশনের ছাড়পারসন থাকবো আবার সিনেমা প্রযোজনা করবো এবং কোনো নিয়ম শৃঙ্খলা মানবোনা এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।”


Recent Comments