অশোক সেনগুপ্ত
পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতির ডামাডোল নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে তিনি বলেন, “পুরো বিষয়টা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা।”
তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে আরও ১১ টি রাজ্যের এসআইআর একত্রে শুরু হয়েছিল। এর মধ্যে ১০ টি রাজ্যে এসআইআর সম্পূর্ণ হয়েছে। উত্তরপ্রদেশে ৪ কোটির বেশি নাম বাদ গেছে। কেরালা এবং তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য হলেও সেখানেও এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও বিরোধিতা, বিডিও অফিসে আগুন, হাইওয়ে অবরোধ, বিএলএদের উপর আক্রমণ, বিএলওদের ভয় পাওয়ানো, ভুল তথ্য আপলোড করাতে বাধ্য করার নজির নেই।
আজ সুপ্রিম কোর্ট বিচারপতিদের দিয়ে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিচ্ছে। এটা প্রমাণ করে দেয় প্রশাসনের বিচক্ষণতার অভাব রয়েছে এবং প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে। প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না আদালত। বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছে।”
এদিন বিশেষ যোগদান কর্মসূচিও হয়। রাজ্য সভাপতি দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বর হাতে পতাকা তুলে দিয়ে তাঁদের বিজেপি পরিবারে স্বাগত জানান। তাঁরা হলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং দলের মুখপাত্র, NIFT থেকে উত্তীর্ণ ফ্যাশন ডিজাইনার সন্দীপা চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস মুখপাত্র ও রাজ্য সম্পাদক এডভোকেট নীলাভ ব্যানার্জি।

