Sharanya Ghosh: দুর্গাপুজো ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। বিশেষ করে হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগরে এই পুজোকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। আলোর ঝলকানি, চোখধাঁধানো মণ্ডপসজ্জা এবং অপরূপ প্রতিমায় সেজে ওঠে শহর ও আশপাশের এলাকা।
কিন্তু জানেন কি, কেন আবির্ভাব হয়েছিল দেবী জগদ্ধাত্রীর?
দেবীর আবির্ভাবের নেপথ্যে কী কাহিনি?
পৌরাণিক কাহিনি অনুসারে, মহিষাসুর বধের পর দেবতাদের মনে জন্ম নেয় অহংকার। তাঁরা মনে করতে শুরু করেন, মহিষাসুরকে পরাজিত করার কৃতিত্ব তাঁদেরই। দেবতাদের সেই অহংকার চূর্ণ করতেই আবির্ভূতা হন দেবী জগদ্ধাত্রী।
কথিত আছে, দেবী দেবতাদের শক্তি পরীক্ষা করার জন্য তাঁদের সামনে একটি সামান্য তৃণখণ্ড রাখেন। কিন্তু ইন্দ্র, অগ্নি, বায়ু কিংবা বরুণ—কেউই সেই তৃণখণ্ডকে সরাতে বা নষ্ট করতে পারেননি। এর মাধ্যমে দেবী বুঝিয়ে দেন, সমগ্র জগতের প্রকৃত শক্তির আধার তিনিই। তিনিই জগতের ধারিণী, তাই তাঁর নাম জগদ্ধাত্রী।
২০২৬ সালে কবে জগদ্ধাত্রী পুজো?
এ বছর জগদ্ধাত্রী পুজোর গুরুত্বপূর্ণ দিনগুলি হল—
- ১৬ নভেম্বর, সোমবার — ষষ্ঠী।
- ১৭ নভেম্বর, মঙ্গলবার — সপ্তমী ও মহাষ্টমী।
- ১৮ নভেম্বর, বুধবার — প্রধান নবমী পুজো।
- ১৯ নভেম্বর, বৃহস্পতিবার — দশমী ও প্রতিমা বিসর্জন।
চন্দননগরে চার দিন ধরে জাঁকজমকের সঙ্গে পুজো পালিত হলেও কৃষ্ণনগর-সহ বিভিন্ন জায়গায় একদিনের পুজোর প্রচলন রয়েছে।
দেবীর চার হাত, বাহন সিংহ এবং সিংহের নীচে হস্তিমুণ্ড—এই বিশেষ রূপেই পূজিত হন জগদ্ধাত্রী। ভক্তদের বিশ্বাস, দেবী জগদ্ধাত্রী শক্তি, সাহস ও শুভশক্তির প্রতীক।
সব মিলিয়ে আর কয়েক দিনের অপেক্ষা। আবারও আলোয়, ভক্তিতে ও উৎসবের আনন্দে সেজে উঠতে চলেছে বাংলার চন্দননগর ও কৃষ্ণনগর।

Recent Comments