নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহ জেলায় প্রচারে এক নতুন কৌশল গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। “প্রতিজ্ঞা স্তম্ভ” উন্মোচনের মাধ্যমে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক প্রতিশ্রুতি সরাসরি জনতার সামনে তুলে ধরছে শাসকদল, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
রতুয়া-১ নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি অজয় সিনহার উদ্যোগে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করা হয়। সেখানে সামসীতে রেলগেট নির্মাণ, দমকল কেন্দ্র স্থাপন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা এবং লকড়িঘাটে সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী প্রসেনজিৎ দাস প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করে জানান, নির্বাচনে জয়ী হলে গাজোলকে পৌরসভায় উন্নীত করা হবে। পাশাপাশি আধুনিক বাসস্ট্যান্ড, ব্লাড ব্যাংক, শিশুপার্ক, হাসপাতাল, দমকল কেন্দ্র এবং বাজার সংস্কারের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
চাঁচল বিধানসভায় প্রার্থী প্রসূন ব্যানার্জি নেতাজি মোড়ে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করে মহিলা কলেজ স্থাপন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং স্টেডিয়াম সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন। তিনি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট সময়সূচি সহ একটি ক্যালেন্ডার প্রকাশের ঘোষণাও করেন।
মানিকচক এলাকায় প্রার্থী কবিতা মণ্ডল পলিটেকনিক কলেজ নির্মাণ, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং একাধিক সেতু নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও জোর দেন তিনি।
হবিবপুরে প্রার্থী অমল ডিগ্রি কলেজ স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন।
সব মিলিয়ে “প্রতিজ্ঞা স্তম্ভ”-কে কেন্দ্র করে মালদহ জুড়ে তৃণমূলের প্রচারে এক নতুন গতি এসেছে। প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের এই প্রচেষ্টা নির্বাচনী লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Recent Comments