Ankita Mondal: মঙ্গলবার হাইভোল্টেজ নন্দীগ্রামে উপনির্বাচন, তার ঠিক একদিন আগেই বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থানার আইসি-কে সরিয়ে দিল কমিশন।
কমিশনের নির্দেশে নন্দীগ্রাম থানার আইসি অজয় কুমার মিশ্রকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্বে আনা হয়েছে দেবাশিস সরকারকে, যিনি পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক কন্ট্রোল রুমের ইনচার্জ ছিলেন।
সোমবার দুপুরে কমিশনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সোমবার সন্ধ্যার মধ্যেই কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে।
সূত্রের খবর, নন্দীগ্রাম থানার আইসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন এই পদক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে। এর আগেও নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার হিতেশ চৌধুরীকে সরিয়ে অখিলেশ সিংকে দায়িত্ব দিয়েছিল কমিশন।
মঙ্গলবার নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। ভোট গণনা হবে ৯ অক্টোবর। ভোটের ২৪ ঘণ্টা আগে আইসি বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Recent Comments