পবিত্র ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়সহ দেশ ও বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার পরিষদের এক বিবৃতিতে সভাপতিত্রয় ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও ঊষাতন তালুকদার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, খ্রিস্টধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে যিশু খ্রিস্টের পুনরুত্থানের পবিত্র স্মারক, যা মানবজাতির জন্য ত্যাগ, ক্ষমা ও আশার মহান বাণী বহন করে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষায় সকল সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। পবিত্র ইস্টারের চেতনা সেই মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে—এই প্রত্যাশা করা হয়।
বিবৃতিতে পবিত্র ইস্টার সানডে উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি ঘোষণার জন্যে সরকারের কাছে আবেদন জানানো হয়।


Recent Comments