আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজে এক নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের ভোটার তালিকায় থাকা লক্ষ লক্ষ ‘বিচারাধীন’ বা সন্দেহভাজন ভোটারদের নাগরিকত্ব ও তথ্যের সত্যতা যাচাই করতে এবার ভিন রাজ্য থেকে আনা হচ্ছে ২০০ জন অভিজ্ঞ বিচারককে। ওড়িশা (Odisha) এবং ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আসা এই বিচারকরা পশ্চিমবঙ্গের ৮টি গুরুত্বপূর্ণ জেলার ভোটারদের ভাগ্য নির্ধারণ করবেন।
কোন কোন জেলায় চলবে এই বিশেষ প্রক্রিয়া? সূত্রের খবর, মূলত সীমান্তবর্তী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর জেলাগুলিকে এই তালিকার শীর্ষে রাখা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), দুই বর্ধমান (Burdwan), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), নদিয়া (Nadia) এবং বীরভূম (Birbhum)—এই ৮টি জেলায় মূলত এই বিচারকরা কাজ করবেন। বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে ভোটার তালিকা নিয়ে যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে, তার দ্রুত নিষ্পত্তিতেই এই বিশেষ উদ্যোগ।
কেন এই বিশেষ পদক্ষেপ? বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ বা এসআইআর (SIR – Special Investigation Report) তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র ৬ লক্ষ ভোটারের তথ্য খতিয়ে দেখে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু বিশাল এই কাজ সম্পন্ন করতে গিয়ে রাজ্যের বর্তমান বিচারবিভাগীয় পরিকাঠামোর ওপর প্রচণ্ড চাপ পড়ছে। নির্বাচনের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে তাই ভিন রাজ্যের বিচারকদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের রণকৌশল ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আসা বিচারকরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভোটারদের জমা দেওয়া নথি এবং তথ্য সরেজমিনে খতিয়ে দেখবেন। তাঁদের মূল কাজ হবে ‘বিচারাধীন’ ভোটারদের দাবি ও আপত্তিগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি করা। যাতে কোনো প্রকৃত ভারতীয় নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, আবার কোনো অবৈধ অনুপ্রবেশকারীও ভোটার তালিকায় জায়গা না পান।
রাজনৈতিক মহলে প্রতিক্রীয় ইতিমধ্যেই সিপিএম (CPIM) এবং আইএসএফ (ISF)-এর মতো বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে দাবি জানিয়েছে যে, যতক্ষণ না এই ‘বিচারাধীন’ ভোটারদের সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ যেন ভোটের দিনক্ষণ ঘোষণা না করা হয়। এই প্রেক্ষাপটে ২০০ জন বিচারক আসার খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আসন্ন নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক একটা বড় ফ্যাক্টর। নদিয়া ও উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভোটার তালিকায় থাকা কয়েক লক্ষ মানুষের নাম এই তালিকায় থাকায় বিষয়টি রাজনৈতিকভাবেও যথেষ্ট স্পর্শকাতর। এখন দেখার, প্রতিবেশী রাজ্যের এই বিচারকরা কত দ্রুত এই জটিল জট কাটিয়ে স্বচ্ছ ভোটার তালিকা উপহার দিতে পারেন।
