সরকারি অনুষ্ঠানে এবার থেকে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া ও বাজানো বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হলে প্রথমে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। পাশাপাশি গানটি গাওয়া বা বাজানোর সময় সকল শ্রোতাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৩ মিনিট ১০ সেকেন্ডের পূর্ণাঙ্গ সংস্করণ, যাতে ছয়টি স্তবক রয়েছে, সরকারি অনুষ্ঠানে ব্যবহার করতে হবে। এতদিন সাধারণত প্রথম দুটি স্তবক গাওয়া হত। এবার থেকে ছয়টি স্তবকই গাওয়ার কথা বলা হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান, তাঁর ভাষণের আগে ও পরে, এমনকি পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানেও ‘বন্দে মাতরম’ বাজানো হবে। একই নিয়ম প্রযোজ্য হবে রাজ্যপালদের ক্ষেত্রেও। তবে সিনেমা হলে এই গান গাওয়া বাধ্যতামূলক করা হয়নি।
রাষ্ট্রীয় গীতের সার্ধশতবর্ষ উপলক্ষে কেন্দ্র বছরভর বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেই প্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বন্দে মাতরম’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং রবীন্দ্রনাথ ঠাকুর সুরারোপিত—এটি গর্বের বিষয়। তবে এর রাজনৈতিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নতুন নির্দেশিকা ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ https://bengali.newscope.press/bjp-mla-family-car-attacked-bongaon-tmc-denies-role/

