ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে নতুন সংযোজন অডি এসকিউ৮। সম্প্রতি এই প্রিমিয়াম পারফরম্যান্স এসইউভিটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে অডি ইন্ডিয়া, যা কোম্পানির কিউ৮ সিরিজে স্ট্যান্ডার্ড কিউ৮ এবং টপ-এন্ড আরএস কিউ৮-এর মাঝামাঝি জায়গা দখল করেছে।
দাম ও অবস্থান
ভারতে অডি এসকিউ৮-এর ইন্ট্রোডাক্টরি এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.৭৮ কোটি টাকা। স্ট্যান্ডার্ড কিউ৮-এর তুলনায় এটি প্রায় ৬৫ লক্ষ টাকা বেশি এবং আরএস কিউ৮-এর থেকে প্রায় ৫৬ লক্ষ টাকা কম।
রাজকীয় লুক ও ডিজাইন
প্রথম দেখাতেই নজর কাড়ে এই এসইউভি। সামনে বড় সিঙ্গেল-ফ্রেম গ্রিল, এইচডি ম্যাট্রিক্স এলইডি হেডলাইট ও অডি লেজার লাইট গাড়িটিকে দিয়েছে শার্প ও আগ্রাসী লুক। ২১-ইঞ্চি অ্যালয় হুইল স্ট্যান্ডার্ড হিসেবে থাকলেও ২২-ইঞ্চির অপশনও রয়েছে। এছাড়া ফ্রেমলেস দরজা, প্যানোরামিক সানরুফ, কানেক্টেড এলইডি টেইলল্যাম্প এবং স্পোর্টি কোয়াড এক্সস্ট এর প্রিমিয়াম উপস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে।
বিলাসবহুল ইন্টেরিয়র ও ফিচার
কেবিনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। ১২.৩-ইঞ্চির ডিজিটাল ককপিট এবং ১০.১-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি ক্লাইমেট কন্ট্রোলের জন্য আলাদা ৮.৬-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। ডায়নামিকা মাইক্র্রোফাইবার ও লেদারের স্পোর্টস সিট, আপগ্রেড অপশনে ভ্যালকোনা লেদার সহ হিটিং, ভেন্টিলেশন ও ম্যাসাজ ফিচারও পাওয়া যাবে।
সঙ্গে রয়েছে ১৭-স্পিকারের ব্যাং অ্যান্ড অলুফসেন থ্রিডি সাউন্ড সিস্টেম, ফোর-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং উন্নত নিরাপত্তার জন্য লেভেল-২ এডাস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ৮টি এয়ারব্যাগ।
শক্তিশালী পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকেও অডি এসকিউ৮ যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে ৪.০-লিটার টুইন-টার্বো ভি৮ পেট্রোল ইঞ্জিন, যা ৫০৭ হর্সপাওয়ার এবং ৭৭০ এনএম টর্ক উৎপন্ন করে। মাত্র ৪.১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম এই এসইউভি। সর্বোচ্চ গতি ইলেকট্রনিক্যালি ২৫০ কিমি/ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হয়েছে।
সব মিলিয়ে, দৈনন্দিন ব্যবহারের আরাম ও সুপারকারের পারফরম্যান্স—এই দুইয়ের অনন্য মেলবন্ধন হিসেবেই ভারতীয় বাজারে নিজেদের জায়গা পোক্ত করতে এসেছে অডি এসকিউ৮।


Recent Comments