আসন্ন গ্রীষ্মকালীন ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড়সড় পদক্ষেপ নিল পূর্ব রেল। যাত্রীদের সুবিধার্থে কলকাতা থেকে উত্তরপ্রদেশের মউ এবং মালদা টাউন থেকে বেঙ্গালুরুর মধ্যে বিশেষ সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কলকাতা – মউ – কলকাতা স্পেশাল (০৫০৯৫/০৫০৯৬)
উত্তরপ্রদেশগামী যাত্রীদের কথা মাথায় রেখে এই ট্রেনটি চালানো হচ্ছে। মউ থেকে কলকাতা (০৫০৯৬): আগামী ৮ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বুধবার দুপুর ১:৩০ মিনিটে মউ থেকে ছেড়ে ট্রেনটি পরের দিন সকাল ৮:৫০ মিনিটে কলকাতা পৌঁছাবে।
কলকাতা থেকে মউ (০৫০৯৫): আগামী ৯ এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতি বৃহস্পতিবার দুপুর ১:২০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি পরের দিন সকাল ৭:৪৫ মিনিটে মউ পৌঁছাবে।
স্টপেজ: যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কামরা থাকবে।
মালদা টাউন – এসএমভিবি বেঙ্গালুরু (০৬৫৬৫/০৬৫৬৬)
দক্ষিণ ভারতগামী যাত্রীদের জন্য মালদা ও বেঙ্গালুরুর মধ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
বেঙ্গালুরু থেকে মালদা (০৬৫৬৫): ৫ এপ্রিল থেকে ১২ জুলাই পর্যন্ত প্রতি রবিবার রাত ১১:৪০ মিনিটে বেঙ্গালুরু (SMVB) থেকে ছেড়ে তৃতীয় দিন বিকেল ৪:৩০ মিনিটে মালদা পৌঁছাবে।
মালদা থেকে বেঙ্গালুরু (০৬৫৬৬): ৮ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বুধবার বিকেল ৪:০০ টেয় মালদা থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর ১২:৪৫ মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে।স্টপেজ: নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ও ডানকুনি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে।
টিকিট বুকিং শুরু
রেল জানিয়েছে, ০৫০৯৫ (কলকাতা-মউ) এবং ০৬৫৬৬ (মালদা টাউন-বেঙ্গালুরু) স্পেশাল ট্রেনের টিকিট বুকিং আজ, ৩০ মার্চ ২০২৬ থেকেই শুরু হয়ে গেছে। যাত্রীরা রেলের টিকিট কাউন্টার (PRS) এবং অনলাইন পোর্টাল থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অব্যাহত থাকবে যশবন্তপুর – কাটিহার পরিষেবা
নতুন ট্রেনের পাশাপাশি যাত্রীদের ভিড় কমাতে ০৬৫৭১/০৬৫৭২ যশবন্তপুর – কাটিহার – যশবন্তপুর স্পেশাল ট্রেনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনটি তার বর্তমান রুট ও সময়সূচি মেনেই চলবে। যশবন্তপুর থেকে প্রতি মঙ্গলবার (৭ এপ্রিল – ১৪ জুলাই) এবং কাটিহার থেকে প্রতি শুক্রবার (১০ এপ্রিল – ১৭ জুলাই) ট্রেনটি যাতায়াত করবে।
পূর্ব রেলের এক আধিকারিক জানান, “গরমের ছুটিতে উত্তর ভারত ও দক্ষিণ ভারতগামী ট্রেনের টিকিটের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। যাত্রীদের সেই অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাত্রা আরও আরামদায়ক করতেই এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে।”


Recent Comments